চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সেশনজট কমাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এক বছর আগেই পাবলিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দেশজুড়ে উদ্ভাবন, স্টার্টআপ ও বিজ্ঞানভিত্তিক নানা কার্যক্রম চলমান রয়েছে, যার আনুষ্ঠানিক সমাপনী হবে আগামী ২৮ ও ২৯ জুন। ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শনীর ফাইনাল পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে এবং সেখানেও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা থেকে সুনাগরিক তৈরি হবে। শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মকে শুধু মোবাইল ও ট্যাবনির্ভর করে রাখতে চায় না সরকার।
এদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার সনদনির্ভর শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণিতে চালু করে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।
সূত্র: জনবাণী