বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসেবা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বৌদ্ধ ধর্মীয় গুরু উ নন্দ মালা থের। খুমী জনগোষ্ঠীর এই ধর্মীয় ব্যক্তিত্ব পাহাড়ের অনাথ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে অনন্য অবদান রেখে চলেছেন।
তিনি জীনামেজু অনাথ আশ্রম, জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট, সানজে স্কুল, জীনামেজু বনফুর উচ্চ বিদ্যালয়, লামা টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড কলেজসহ একাধিক শিক্ষা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানে শত শত শিশু শিক্ষা, থাকা-খাওয়া ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে।
আশির দশক থেকে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনের মাধ্যমে তার মানবসেবামূলক কার্যক্রম শুরু হয়। এরপর তিনি সেনাবাহিনী, উপজেলা ও জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় কাজ করে আসছেন। তার মূল লক্ষ্য পাহাড়ের অনাথ ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।
স্থানীয়রা জানান, তার উদ্যোগে বহু শিক্ষার্থী পড়াশোনা শেষ করে সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে, কেউ কেউ বিদেশেও প্রতিষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মানবাধিকার কর্মী এম রুহুল আমিন বলেন, উ নন্দ মালা থের পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখার সুযোগ তৈরি করেছেন এবং মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
স্থানীয়দের মতে, তিনি পাহাড়ে শিক্ষা বিস্তার ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সূত্র: এম রুহুল আমিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী