সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন ইন্টারপোল বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দুদক ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই কন্যার বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে। মামলাগুলোতে ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।