“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ১৮ আগস্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাজমিন আলম তুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মোহাম্মদ এহসানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা
হুমায়ুন কবীর, অফিসার ইনচার্জ ওসি রোয়াংছড়ি থানা
মোহাম্মদ সফিক, রেঞ্জ কর্মকর্তা, রোয়াংছড়ি বন বিভাগ
সাশৈপ্রু, হেডম্যান, আলেক্ষ্যং মৌজা
মিচিং মার্মা, হেডম্যান, ৩৪৫ নম্বর নোয়াপতং মৌজা
শৈসাঅং মারমা, হেডম্যান, ঘেরাউ মৌজা
হ্লামংপ্রু, হেডম্যান, বেক্ষ্যং মৌজা
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যচাষি ও মৎস্যজীবীরা সক্রিয়ভাবে অংশ নেন।
আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় সফল মৎস্যচাষিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বিজয়ী ও বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।