পরীক্ষামূলক প্রচার

Breaking News

প্রধানমন্ত্রীর প্রতি পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন: পার্বত্য চট্টগ্রামে ৩টি বিশেষ কমিটি গঠন

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রাঙামাটির কাঁঠালতলীস্থ মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি', 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি' এবং 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি' গঠন করেছে। দেশের স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ মানুষের অধিকার রক্ষায় অতীতে কোনো সরকার এমন যুগান্তকারী পদক্ষেপ নেয়নি। এই তিন স্তরের শক্তিশালী কমিটি পাহাড়ের মূল সমস্যা সমাধান ও সুষম উন্নয়ন নিশ্চিত করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে পাহাড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও সহাবস্থান নিশ্চিত করার পথ সুগম হয়েছে।

পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মোه‌ আলমগীর হোসেনসহ পিসিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত