বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে মুখরিত র্যালির পর অনুষ্ঠিত পথসভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নাজেমুল ইসলাম চৌধুরী ও প্যানেল চেয়ারম্যান মহরমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পথসভায় লামা থানার ওসি আজিজনগর ইউনিয়নের সব ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দেন। পাশাপাশি মাদক কারবারি ও সেবীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি মাদক প্রতিরোধে পরিবার, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকা জরুরি। সভায় স্থানীয় জনগণ মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।