নাইক্ষ্যংছড়ি থেকে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন চানুচিং তংচংগ্যা। তিনি নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ. কালাম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন চানুচিং তংচংগ্যা। পথে কক্সবাজারের রামু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তাকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ৯টার দিকে চানুচিং তংচংগ্যার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার স্বজনরা।
নিহত চানুচিং তংচংগ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু গর্জনবনিয়া এলাকার বাসিন্দা। এইচএসসি পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথেই তার মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের মাতম।
চানুচিংয়ের অকাল মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন তরুণ শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছ থেকে দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আইনগত পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।