বান্দরবানের রুমা উপজেলার সদর থানাপাড়া এলাকায় অবস্থিত সেন্ট অ্যান্টনী ক্যাথলিক গির্জা পরিচালিত হোস্টেলের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী পাইহ্রুং প্রু (৯)-এর নিখোঁজ হওয়ার পর কৈক্ষংঝিরি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পাইহ্রুং প্রু রুমার টুঁঙ্গী পাড়ার পকসিং প্রুর ছেলে। গত ৮ সেপ্টেম্বর বিকেলে আনুমানিক ৪টার দিকে পাইহ্রুং প্রুসহ কয়েকজন শিক্ষার্থী হোস্টেলের বাইরে সাঙ্গু নদীর ঘাটে গোসল করতে গেলে
গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। হোস্টেলে নিয়মিত গোসলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিশুদের বাধ্য হয়ে বাইরে নদীর ঘাটে যেতে হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। হোস্টেলে শিশুদের দেখাশোনার দায়িত্বে চারজন শিক্ষক (যাদের মধ্যে তিনজন স্কুলের শিক্ষক) থাকা সত্ত্বেও এত ছোট একজন শিক্ষার্থী কীভাবে হোস্টেল থেকে বের হয়ে নদীর ঘাটে চলে গেল, তা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা হোস্টেল কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ও বাসিন্দারা জানান, হোস্টেলে ছোট শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো যথাযথ তদারকির অভাব রয়েছে এবং দায়িত্বশীল এক ব্যক্তি যথাযথভাবে না জানিয়ে প্রায় এক মাস ধরে অনুপস্থিত থাকায় হোস্টেল ব্যবস্থাপনায় শূন্যতা তৈরি হয়েছে। সন্তান হারানোর এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাবাসী এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।