বান্দরবান পার্বত্য জেলায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব মারাত্মক রূপ ধারণ করেছে। আক্রান্ত হয়ে ইতোমধ্যে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুব্যবস্থা ও জরুরি যাতায়াত সুনিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি চিটি সূত্রে এই তথ্য জানা যায়।
নোটিশে উল্লেখ করা হয়, জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আক্রান্তদের সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স সেবার অপ্রতুলতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আক্রান্ত শিশুদের দ্রুত ও নিরবচ্ছিন্ন চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে, যা বিনামূল্যে সেবা প্রদান করবে।
জরুরি প্রয়োজনে যেকোনো সময় সেবা নিতে যোগাযোগ কর্মকর্তা আসিফ ইকবালের ০১৮৭৮৩৫২১৪১ নম্বরে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।