রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকার নারীদের জন্য বিনামূল্যে গাইনি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার লংগদু সেনা জোন সদর এ মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে।
দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় নারীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শও দেওয়া হয়।
চিকিৎসাসেবা নিতে আসা নারীরা সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া অত্যন্ত কঠিন। ফলে এ ধরনের আয়োজন তাদের জন্য অনেক উপকার বয়ে আনে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করছে। ক্যাম্পে শনাক্ত হওয়া জটিল রোগীদের পর্যায়ক্রমে ফলো-আপ চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ, দুর্যোগকালীন সহায়তা এবং চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।