বর্তমানে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম, যার নাম ‘ককরোচ জনতা পার্টি’। নাম শুনে রাজনৈতিক দল মনে হলেও এটি কোনো প্রথাগত দল নয়, বরং একটি ডিজিটাল ব্যঙ্গাত্মক উদ্যোগ।
এই প্ল্যাটফর্মের জন্ম হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর একটি মন্তব্যকে কেন্দ্র করে। ১৬ মে অভিজিৎ দিপকে এটি প্রতিষ্ঠা করেন। চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এটি।
বর্তমানে ইনস্টাগ্রামে এই প্ল্যাটফর্মটির অনুসারীর সংখ্যা প্রায় দুই কোটি ছাড়িয়েছে, যা ভারতের অনেক রাজনৈতিক দলের তুলনায় বেশি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে আইনি নোটিশের কারণে অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়, যেখানে এর দুই লাখের বেশি অনুসারী ছিল।
এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে বেকারত্ব, শিক্ষা ও সামাজিক অসন্তোষের মতো বিষয়গুলো ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হচ্ছে। অনেক রাজনীতিবিদ, অধিকারকর্মী ও শিল্পীও এর প্রতি সমর্থন জানিয়েছেন।
এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি আগে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।
এই উদ্যোগের সূচনা হয় প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি এক শুনানিতে ‘তেলাপোকা’ শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই মন্তব্য ঘিরেই ব্যঙ্গাত্মকভাবে এই অনলাইন আন্দোলনের জন্ম হয়। পরে প্রধান বিচারপতি ব্যাখ্যা দেন যে তার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে।