বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রয়োজনীয় ওরস্যালাইন, স্যালাইন, ওষুধ ও চিকিৎসকের ঘাটতির কারণে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে অনেক চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যদিও ঈদের আগে বিজিবি ও স্বাস্থ্য বিভাগের টিম গিয়ে চিকিৎসা দিয়েছিল, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ইউপি সদস্যদের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে শিশু, নারী ও বৃদ্ধসহ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকেই চিকিৎসা পেয়ে সুস্থ হলেও এখনো বেশ কিছু রোগী পানিশূন্যতায় ভুগছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি থাকায় চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে।
দূরবর্তী এলাকায় বসবাসকারী দরিদ্র রোগীদের অনেকেই উপজেলা বা জেলা হাসপাতালে যেতে পারছেন না। স্থানীয় ফার্মেসিগুলোতেও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসক ও ওষুধের অভাব থাকায় জরুরি সেবা ব্যাহত হচ্ছে। ঈদের ছুটির কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।