শহর পরিষ্কার রাখা শুধু সরকারের কাজ নয়, বরং নাগরিকদেরও সমান দায়িত্ব—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর জুরাইন এলাকায় এক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বিদেশের পরিচ্ছন্ন ও ঝকঝকে সড়কের প্রসঙ্গ টেনে বলেন, আমাদের দেশের রাস্তাঘাটও এমন পরিষ্কার রাখা সম্ভব, যদি সবাই সচেতন হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশন বা সরকারের ওপর নয়। পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ মানুষকেও দায়িত্ব নিতে হবে এবং যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, যে দেশের মানুষ সচেতনভাবে ময়লা না ফেলে, সেই দেশের শহর এমনিতেই পরিষ্কার থাকে। এজন্য “সরকারের কেউ হওয়া লাগে না, জনপ্রতিনিধি হওয়ারও প্রয়োজন নেই”—প্রতিটি নাগরিকই এতে ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, ময়লা পকেটে রাখা, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করলে শহর অনেক বেশি পরিচ্ছন্ন রাখা সম্ভব।
নিজের পোশাকে দাগ পড়লে যেমন অস্বস্তি লাগে, তেমনি নিজের শহর নোংরা থাকলেও নাগরিকদের অস্বস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সবাই মিলে সচেতন হলে দেশকে সুন্দর ও পরিচ্ছন্নভাবে গড়ে তোলা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী।