বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে মো. রিদুয়ান করিম মিন্টু (৩৮) নামে এক কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। রবিবার রাতে আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, তামাক ক্ষেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে ৮–১০ জনের একটি সশস্ত্র দল তাকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি, ফলে পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।