আসন্ন মাহাঃ সাংগ্রাইং পোয়ে ২০২৬-কে সামনে রেখে বান্দরবানে উৎসব উদযাপন পরিষদের নাম ব্যবহার করে একটি ‘অবৈধ কমিটি’ বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) উৎসব উদযাপন পরিষদের মূল কমিটির সভাপতি চনুমং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ ও ৬ এপ্রিল রিজিয়ন কমান্ডারের কার্যালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সমঝোতা হয়নি। ইংরেজি শব্দ ‘Stalemate’ বা অমীমাংসিত অবস্থায় থাকা সত্ত্বেও একটি পক্ষ নিজেদের স্বার্থে মিথ্যা তথ্য প্রচার করছে।
অভিযোগে বলা হয়, জনৈক উ চথুইপ্রু ও উ থুইমংপ্রু নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। সেখানে তারা দাবি করেছেন যে, রিজিয়ন কমান্ডারের উপস্থিতিতে নতুন কমিটিকে সমর্থন দেওয়ার জন্য বর্তমান কমিটির সভাপতি চনুমং মার্মা ও সহ-সভাপতি থুইসিংপ্রু লুবুকে পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিষদ এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া’ বলে উল্লেখ করেছে।
বর্তমান উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং বলেন, "প্রশাসনকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এই তথাকথিত সিদ্ধান্তের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।"
বিবৃতিতে আরও বলা হয়, উৎসব উদযাপন পরিষদের বর্তমান কমিটি এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। সেই সঙ্গে প্রশাসনকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রতারণা করার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর বান্দরবানে মার্মা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাইং অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। উৎসবের প্রাক্কালে এ ধরনের কমিটি সংক্রান্ত কোন্দল ও বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।