ঈদগাঁও ও রামু উপজেলার মাঝামাঝি দুর্গম পাহাড়ি এলাকা ঈদগাঁও-ঈদগড় সড়ক ও আশপাশের অঞ্চল ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে—এমন অভিযোগে সেখানে যৌথ সাঁড়াশি অভিযান চালায় রামু ও ঈদগাঁও থানা পুলিশ। অভিযানে ডাকাত দলের ২ সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের নেতৃত্বে ঈদগাঁও ও রামু থানার পুলিশের ৪টি টিম এবং বন বিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করেন। প্রায় শতাধিক সদস্যের টিম পাহাড়ের পাদদেশ ও গহীন এলাকায় তল্লাশি চালায়।
অভিযানে আব্দুর রহমান (৩৮) ও অপহরণচক্রের সদস্য নুরুল আমিন পুতিয়াকে আটক করা হয়। আব্দুর রহমানের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান চলে। সাম্প্রতিক সময়ে এলাকায় ডাকাতি ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে নিয়মিত অভিযান চালানো হবে। স্থানীয়রা স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।