বান্দরবান-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই পোয়ে ২০২৬। উৎসবকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ‘উৎসব উদযাপন পরিষদ’। বুধবার (১৮ মার্চ ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক উকসিং মারমা জানান, সাংগ্রাই শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক। প্রতিবছরের মতো এবারও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসন এবং সর্বস্তরের জনগণের পরামর্শে আয়োজন করা হয়েছে নানামুখী কর্মসূচি।
উৎসবের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্ট, বর্ণাঢ্য র্যালি, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূজা, ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং আনন্দঘন পানি বর্ষণ (ওয়াটার ফেস্টিভ্যাল)। পাশাপাশি লোকজ ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনু মং জানান, “গত ২০২৫ সালে আপনাদের এবং প্রশাসনের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে সফল সাংগ্রাই উৎসব সম্পন্ন করতে পেরেছি। এবারও আমরা আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষ, প্রশাসন ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই আনন্দঘন সাংগ্রাই উৎসবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে, যাতে সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হয়।
আয়োজকরা আশা করছেন, এবারের সাংগ্রাই উৎসব বান্দরবানের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন মাত্রায় তুলে ধরবে এবং দেশ-বিদেশের দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে।