পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে ‘উৎসব উদযাপন পরিষদ’ নামে অবৈধ কমিটি! বর্তমান কমিটির তীব্র প্রতিবাদ

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানে একটি ঐতিহ্যবাহী অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘উৎসব উদযাপন পরিষদ’-এর নাম ও লোগো ব্যবহার করে অবৈধ কমিটি গঠনের অভিযোগে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একটি লিখিত বিবৃতি প্রদান করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৮ মার্চ ২০২৬ তারিখে দৈনিক নীলগিরি ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, একটি পক্ষ ‘উৎসব উদযাপন পরিষদ’-এর নাম ব্যবহার করে নতুন একটি কমিটি ঘোষণা করেছে। সংগঠনটির দাবি, এই কমিটি সম্পূর্ণ অবৈধ এবং সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী।

সংগঠনটির ইতিহাস তুলে ধরে বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৯৫ সাল থেকে বান্দরবানের মারমা সমাজে উৎসবভিত্তিক কমিটি গঠনের প্রচলন রয়েছে। পরবর্তীতে ২০০১ সালে দুই বছর মেয়াদী ‘উৎসব উদযাপন কমিটি’ গঠন করা হয় এবং পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ‘উৎসব উদযাপন পরিষদ’ রাখা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বৃহত্তর মারমা জনগোষ্ঠীর সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব—বিশেষ করে সাংগ্রাই ও প্রবারণা পূর্ণিমা—সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজন করে আসছে।

বর্তমান কমিটির অভিযোগ, আসন্ন সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সংগঠনটিকে বিতর্কিত করতে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে এ ধরনের অবৈধ কমিটি ঘোষণা করেছে। একইসঙ্গে, জাতীয় দৈনিক প্রথম আলোতে ১৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনেরও প্রতিবাদ জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বিষয়টিকে বান্দরবান বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে পরিষদ। সংগঠনটি পুনরায় স্পষ্ট করেছে যে তারা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিবৃতিতে জানানো হয়, নবগঠিত ওই অবৈধ কমিটিকে তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে এবং এ ধরনের বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত থাকবে। তবে বৃহত্তর স্বার্থে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তারা আলোচনার মাধ্যমে সমাধানের জন্যও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

উৎসব উদযাপন পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি চুনুমং স্বাক্ষরিত এই বিবৃতিতে সংগঠনের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত