"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করা হয়। এই আয়োজনে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।
ডাক টিকিট প্রকাশকালে প্রধানমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান। উল্লেখ্য, প্রতি বছরই ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির মূল তাৎপর্য দেশবাসীর সামনে তুলে ধরাই এই বিশেষ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।