ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে মোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তালিকায় ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী বৈধতা পেয়েছেন।
বিএনপির প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, সুলতানা আহমেদসহ আরও অনেকে। একইসঙ্গে স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন জুঁই বৈধ প্রার্থী হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
অন্যদিকে, জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলুসহ ১২ জন রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনকে ঘিরে পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।