পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানে শব্দদূষণ রোধে শিগগিরই অভিযান, হাইড্রোলিক হর্নে কঠোর ব্যবস্থা

বান্দরবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বান্দরবানে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন এক পুলিশ কর্মকর্তা; সভায় শব্দদূষণ রোধে শিগগিরই অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়। ছবি: সংগৃহীত
বান্দরবানে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন এক পুলিশ কর্মকর্তা; সভায় শব্দদূষণ রোধে শিগগিরই অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বান্দরবান শহরে শব্দদূষণ নিয়ন্ত্রণে শিগগিরই জোরালো অভিযান শুরু করতে যাচ্ছে জেলা প্রশাসন। বিশেষ করে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো—বিশেষ করে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং রাজার মাঠ সংলগ্ন এলাকায় অতিরিক্ত হর্ন বাজানো ও যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আবাসিক এলাকায়ও বাড়ছে শব্দদূষণের মাত্রা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরকার জানান, খুব শিগগিরই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সচেতনতা কার্যক্রম শেষে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যে তথ্য অফিস, পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম এ হাছানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে মাইকের ব্যবহারেও সংযত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত