পরীক্ষামূলক প্রচার

Breaking News

টেকনাফে ১৩ গ্রেনেড ও এমজি গুলিসহ ইজিবাইক জব্দ

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩টি বিস্ফোরক গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব-১৫ (সিপিসি-১, টেকনাফ ক্যাম্প)। পরবর্তীতে আদালতের নির্দেশনায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) তার সহযোগীদের নিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে হ্নীলা ইউপির দমদমিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-২৭ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ (রুবেল) ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জন সন্ত্রাসী ইজিবাইকের পেছনের যাত্রী আসনে একটি পুরাতন সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি তল্লাশি করে ৭টি সাধারণ গ্রেনেড, ৬টি এজিএল (AGL) গ্রেনেড, দুটি প্লাস্টিকের বয়ামে রাখা ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি কালো রঙের খালি ম্যাগাজিন উদ্ধার এবং ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত গ্রেনেড ও এজিএল গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দাহ্য হওয়ায় পরিবহন বা সংরক্ষণে বড় ধরনের জানমালের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। এমতাবস্থায় বিস্ফোরকগুলো ধ্বংসের আবেদন জানানো হলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত-৫) ২১ নভেম্বর রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখাকে এগুলো নিষ্ক্রিয় করার নির্দেশনা দেন। আদালতের আদেশ অনুযায়ী ১০ পদাতিক ডিভিশনের জিএস ব্রাঞ্চের বোম ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন (The Arms Act) এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে (The Explosive Substances Act) টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত