জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে সাতকানিয়া থানা পুলিশ তাকে আটক করে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান আখন্দ।
মামলার বাদী ও তার স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকে মিজানুর রহমান তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং নিয়মিত ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকেন। বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে তিনি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন। এ ছাড়াও স্বামীর বিরুদ্ধে অন্যত্র একাধিক বিয়ে এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী।
পুলিশ জানিয়েছে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।