পরীক্ষামূলক প্রচার

Breaking News

পাওনা টাকার বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যা: ৮ বছর পর পলাতক আসামি গ্রেফতার

ডেক্স রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পাওনা টাকার বিরোধে ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর ফারুক গ্রেফতার। ছবি: সংগৃহীত
পাওনা টাকার বিরোধে ভাইকে গুলি করে হত্যা, ৮ বছর পর ফারুক গ্রেফতার। ছবি: সংগৃহীত

কক্সবাজারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ফারুককে (২৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা লিংক রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ফারুক আপন ছোট ভাই আবদু শুক্কুর (১৯) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানাও ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৫ মে বিকেল আনুমানিক ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় মোঃ ফারুক তার আপন ছোট ভাই আবদু শুক্কুরকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর আদালত পলাতক আসামি মোঃ ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারকৃত মোঃ ফারুক কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার সিরাজুল হকের ছেলে।

এসআরবি-১৫ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

সূত্র: এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত