বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বন্যহাতি ও বন্যশূকরের উপদ্রব থেকে বাগান ও ফসল রক্ষায় স্থাপন করা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে লামা উপজেলার মাতামুহুরী নদীর হোয়াইট পিক রিসোর্টসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মংচেসা মার্মা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়ার মৃত পাইংসাউ মার্মার ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয় মার্মা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকায় বন্যহাতি ও বন্যশূকরের আক্রমণ থেকে বাগান ও ফসল রক্ষায় কিছু বাসিন্দা বিপজ্জনক পদ্ধতি অবলম্বন করেন। এরই অংশ হিসেবে হোয়াইট পিক রিসোর্টের কাছাকাছি একটি বাগানে বন্যহাতি তাড়ানোর জন্য উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মংচেসা মার্মার মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ নদীতে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট খামারের মালিককে এলাকায় দেখা যাচ্ছে না। তিনি খামারের গবাদিপশু নিয়ে আত্মগোপনে গেছেন বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শনিবার দুপুরে মাতামুহুরী নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের অংশে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা লামা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, “মাতামুহুরী নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় আমরা সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসি এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করি।”
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, “হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
এদিকে, বন্যপ্রাণীর উপদ্রব থেকে ফসল রক্ষার নামে জনবসতি ও ফসলি জমিতে এ ধরনের বিপজ্জনক বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় কারও অবহেলা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।