"শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষায়, মর্যাদা বৃদ্ধিতে এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস ২০২৬।
বান্দরবানের লামা উপজেলায় যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। ৫ অক্টোবর সোমবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজনের কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য ছিল— "শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষায়, মর্যাদা বৃদ্ধিতে এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর"।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হলেন সমাজ পরিবর্তনের মূল কারিগর ও জাতি গঠনের প্রধান চালিকাশক্তি। টেকসই উন্নয়ন ও মেধাভিত্তিক ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ সময় বক্তারা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আরও বেশি আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘটে।