পরীক্ষামূলক প্রচার

Breaking News

বুকসমান পানির স্রোত পেরিয়ে স্কুল-হাসপাতালে, সেতুর দাবিতে কুজ্জাখেলাবাসী

ফাইতং প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুজ্জাখেলা পাড়ায় দীর্ঘদিন ধরে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ৩০ থেকে ৪০টি পরিবার। এলাকাবাসীর চলাচলের প্রধান বাধা ফাইতং খাল।

শুষ্ক মৌসুমে কোনোভাবে খাল পারাপার করা গেলেও বর্ষায় পাহাড়ি ঢলে খালের পানি বেড়ে যায়। অনেক সময় বুকসমান পানির স্রোত পেরিয়ে স্থানীয়দের চলাচল করতে হয়। এতে নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের পাশাপাশি অসুস্থ রোগীদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়।

স্থানীয়রা জানান, রাতে কোনো রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। খালে পানি বেশি থাকলে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহনও এলাকায় পৌঁছাতে পারে না।

এদিকে কুজ্জাখেলা পাড়ার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীসহ কলেজপড়ুয়া শিক্ষার্থীদেরও বর্ষাকালে ঝুঁকি নিয়ে খাল পার হয়ে যাতায়াত করতে হয়। ফলে সন্তানদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা।

স্থানীয় ইউপি সদস্য স্রৈমাঅং মার্মা বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের দুর্ভোগ চলছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী ও প্রসূতি নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। সেতু নির্মাণের জন্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদে একাধিকবার আবেদন করা হয়েছে।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। মানুষের জীবন, চিকিৎসা ও শিক্ষার কথা বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণ প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি স্থায়ী সেতু নির্মাণ হলে কুজ্জাখেলা পাড়ার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। তাই আর প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তব উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত