বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় আনন্দ ও শ্রদ্ধা জানিয়ে বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রোয়াংছড়ি উপজেলা যুবদল।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লু প্রু মং মারমা। অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে নতুন মন্ত্রী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করেন।
পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লু প্রু মং মারমা বলেন, একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা লাগানো নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্র্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সহ-সভানেত্রী প্রুহ্লাচিং মারমা, সদস্য শৈয়ই মারমা, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মংক্যওয়াই মারমা ও সদস্য হাইনু মং মারমাসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি যুবদলের উদ্যোগে বিভিন্ন স্থানে বেশ কিছু গাছের চারা রোপণ করা হয়।