বান্দরবানে শহরের সৌন্দর্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা। নিজের ছবি সংবলিত সকল পোস্টার ও ব্যানার অপসারণের জন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তার পোস্টে তিনি উল্লেখ করেন, “আমার ছবি সংবলিত সকল ব্যানার নামিয়ে ফেলার অনুরোধ রইলো। শহরের সৌন্দর্য রক্ষার্থে সকল শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।”
জানা গেছে, এর আগেও নির্বাচন কিংবা দলীয় বিভিন্ন কর্মসূচি শেষে তিনি নিজ উদ্যোগে পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। তার মতে, শহরের বিভিন্ন স্থানে এ ধরনের ব্যানার ও পোস্টার লাগানোর ফলে প্রাকৃতিক সৌন্দর্য ব্যাহত হচ্ছে, যা পর্যটননির্ভর বান্দরবানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত বান্দরবান জেলা দেশি-বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অযথা পোস্টার ও ব্যানার লাগানোর কারণে সেই সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে, জাবেদ রেজার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দলের অনেক নেতাকর্মী। তারা এটিকে একটি সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।
দলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজই তিনি নিজে মাঠে নেমে ব্যানার অপসারণ কার্যক্রমে নেতৃত্ব দিতে পারেন।