বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৮ম সিন্ডিকেট সভা শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল (বীর প্রতীক, অব.), ট্রাস্টের সদস্য-সচিব ড. মোহাম্মদ নুরুল আবছার, অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক এবং জনসংযোগ ও ছাত্রকল্যাণ দপ্তরের কর্মকর্তা নোবেল বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম অনলাইনে সভায় অংশ নেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, যুগোপযোগী ও মানসম্মত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উৎকর্ষভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।