বান্দরবানের লামা উপজেলার পশ্চিম লাইনঝিরি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কামরুল হাসান আকাশ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বাবা মোঃ নাজিম উদ্দিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ৫ একর জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি প্রভাবশালী মহল।
ঘটনার দিন সকালে আকাশ জমিটি পরিদর্শনে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় মোঃ আরিফ (২৩) তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের চেষ্টা করলে আত্মরক্ষার সময় আকাশের ডান হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হয়। এছাড়া অন্যরা লাঠি দিয়ে মারধর করে তাকে রক্তাক্ত করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বাগান থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২০-২৫টি সেগুনসহ বিভিন্ন গাছ কেটে নিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত আকাশকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাদী নাজিম উদ্দিন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লামা থানা জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।