পরীক্ষামূলক প্রচার

Breaking News

রোয়াংছড়িতে অতি দরিদ্র পরিবারের মাঝে ৭৫টি বকনা গরু বিতরণ

রোয়াংছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকন্ঠ
ছবি: গিরিকন্ঠ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অতি দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি সহায়তা এবং পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে বকনা গরু বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
ওয়ার্ল্ড ভিশন হংকং ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন-এর বাস্তবায়নে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়নের ১৫০টি তালিকাভুক্ত পরিবারের মাঝে পর্যায়ক্রমে ১৫০টি বকনা গরু বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে প্রথম ধাপে ৭৫টি পরিবারের হাতে গরু তুলে দেওয়া হয়।
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মেহেদী জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন রোয়াংছড়ি এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে। গরুগুলো বিতরণের আগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমা এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উবাসাই মারমা।
এই প্রকল্পের মাধ্যমে রোয়াংছড়ির চারটি ইউনিয়নের ১৫০টি পরিবার উপকৃত হবে এবং স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও প্রাণিসম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত