বান্দরবানে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কর্মশালা
বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং অনন্যা কল্যাণ সংগঠনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সানিউল ফেরদৌস। এছাড়া উপস্থিত ছিলেন মো. ওহাবুল ইসলাম খন্দকার, মারুফা সুলতানা খান হীরামণি, মো. রেজাউল করিম এবং ডনাই প্র নেলী। অনুষ্ঠানে জেলার প্রবীণ ও নবীন নারী ক্রীড়াবিদরাও অংশ নেন।
বক্তারা বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও বান্দরবানের নারী ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে জেলার সুনাম বৃদ্ধি করছেন। নৌকা বাইচ, টেবিল টেনিস, কারাতে, ব্যাডমিন্টন, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলায় তারা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
কর্মশালায় নারী ক্রীড়াবিদরা জানান, সাফল্য অর্জন করলেও তারা এখনও বিভিন্ন বৈষম্য ও সুযোগ-সুবিধার সংকটে রয়েছেন। তারা নিরাপদ ক্রীড়া পরিবেশ, উন্নত প্রশিক্ষণ সুবিধা, আবাসন ব্যবস্থা, ক্রীড়া বীমা এবং নারী-বান্ধব স্টেডিয়াম নির্মাণের দাবি জানান। পাশাপাশি নারী খেলোয়াড়দের জন্য বিশেষ আর্থিক সহায়তা ও নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ক্রীড়াবিদদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রবীণ নারী ক্রীড়াবিদ হ্লা হ্লা চিং-কে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।