প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলোয়াড়দের রাজনীতিতে জড়িত না হয়ে ক্রীড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়দের কোনো দল বা গোষ্ঠীর হয়ে নয়, বরং নিজেদের ক্রীড়ানৈপুণ্যের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করা উচিত এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়াতে কাজ করা প্রয়োজন।
সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয় এবং সোনালী ব্যাংকের মাধ্যমে প্রত্যেকের মোবাইলে ১ লাখ টাকা ভাতা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার প্রথমবারের মতো খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে। এতে খেলোয়াড়রা অর্থনৈতিক অনিশ্চয়তা ছাড়াই নিজেদের পছন্দের খেলায় মনোযোগ দিতে পারবেন।
তিনি আরও বলেন, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাগুলোকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশজুড়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিও চালু করা হবে।