গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ—এই পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করে সংশ্লিষ্ট জেলাগুলোতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
এ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বদলির আদেশাধীন) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১ মার্চ এ পাঁচ জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপসচিব পদমর্যাদার ওই কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।