বান্দরবান জেলার আলীকদম উপজেলায় নয়াপাড়া যুব ফ্রেন্ড সার্কেল ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় নয়াপাড়া একাদশ ও কেন্দিংপাড়া একাদশ। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর খেলায় ২ গোলের ব্যবধানে জয়লাভ করে নয়াপাড়া একাদশ। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন মো. হাসান।
নয়াপাড়া যুব ফ্রেন্ড সার্কেল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া এবং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বশির আহমদ। এছাড়া টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন নয়াপাড়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকার যুবকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।