বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে (প্রবারণা পূর্ণিমা) ২০২৬ ও ম্রাইমা সাক্রয়ই ১৩৮৮ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে একটি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বান্দরবান-রাঙামাটি সড়কের ক্যামলং যাত্রীছাউনি থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। নারী ও পুরুষ মিলে মোট ২২ জন প্রতিযোগীর অংশগ্রহণে এই ম্যারাথনটি ক্যামলং যাত্রীছাউনি থেকে শুরু হয়ে স্বর্ণমন্দির, বালাঘাটা, ট্রাফিক মোড় ও রাজার মাঠ হয়ে উজানীপাড়ার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন জসিং থোয়াই মারমা, দ্বিতীয় হন বান্দরবান হিল রানার্স কমিটির সহসভাপতি ক্য ক্য মারমা এবং তৃতীয় স্থান অর্জন করেন উবাচিং মারমা। অন্যদিকে, নারী বিভাগে প্রথম হন হ্লামে ছাই মারমা, দ্বিতীয় স্থান অধিকার করেন ছাইমে থুই মারমা, তৃতীয় হন খিং খিং সাইং মারমা এবং চতুর্থ স্থান অর্জন করেন কলি চৌধরী; যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ নারী বিভাগের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দুই প্রতিযোগীই বান্দরবান হিল রানার্স কমিটির প্রতিনিধি হিসেবে অসাধারণ সাফল্য দেখান। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি কেএস মং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাংবাদিক কিকি উ-এর সঞ্চালনায় এবং থুইসিং প্রু লুবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনুমং, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উ উইন মং জলি, বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি ডা. শান্তানু দাশ, সাধারণ সম্পাদক মো. আরিফ, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক উছোমং মারমা ও হিল রানার্স কমিটির সদস্য রবিউল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।