পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন আয়োজিত ‘জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে জমকালো এই ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আল আমিন।
শিরোপানির্ধারণী চূড়ান্ত ম্যাচে মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় বোয়ালখালী দল ও কবাখালী দল। মাঠজুড়ে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য খেলা শেষে কবাখালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালখালী দল।
পাহাড়ি-বাঙালি ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। ফাইনাল ম্যাচের এই টানটান উত্তেজনা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক দর্শক। সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শুধু নিরাপত্তা রক্ষার্থেই নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীঘিনালা জোনের এই সফল আয়োজন সেই জনকল্যাণমূলক ধারাবাহিক কার্যক্রমেরই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা।