পার্বত্য অঞ্চলে ক্রীড়া প্রতিভা বিকাশে সরকার একা নয়, সমাজের সব ক্রীড়াপ্রেমী ও সংগঠকদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, “পার্বত্য এলাকায় ইতোমধ্যে ঋতুপর্ণার মতো প্রতিভা তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
রোববার বিকেলে চিংহ্লা মং মারী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, পার্বত্য অঞ্চলের সম্প্রীতি বজায় রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কর্নেল মনিষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
টুর্নামেন্টের বালিকা বিভাগে বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বরকলের জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে নেয়। ফাইনালে তারা রাজস্থলীর তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।