বান্দরবানের আলীকদমে মায়ের ওপর অভিমান করে মোঃ মোজাম্মেল হক (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক উক্ত এলাকার সফুরঘোনা পাহাড়তলী পাড়ার আবু সুফিয়ানের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর এবং এক চার মাস বয়সী শিশুপুত্রের জনক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোজাম্মেল একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে সম্প্রতি জামিনে মুক্ত হন। আগামী ২৮ অক্টোবর ওই মামলার হাজিরা ছিল। বৃহস্পতিবার রাতে মামলার হাজিরার খরচের জন্য মায়ের কাছে দুই হাজার টাকা চান তিনি। এ নিয়ে মায়ের সাথে তার কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাত অনুমানিক ১টার দিকে প্রস্রাব করার কথা বলে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেননি।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে সকাল সাড়ে ৫টার দিকে নিহত যুবকের স্ত্রী খালেদা বেগম ঘুম থেকে উঠে বাড়ির সামনে রাস্তার পাশে একটি তেঁতুল গাছের ডালে রশি দিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা এসে রশি কেটে লাশ নিচে নামান।
প্রাথমিক অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, মামলার হাজিরার টাকা না পেয়ে মায়ের ওপর অভিমান করেই ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশ জানায়, খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।