বান্দরবানের রুমায় বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে আয়োজিত তিন সপ্তাহব্যাপী মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৬ বীর রুমা জোনের উপ-অধিনায়ক মেজর মো. নেয়ামুল নাসির সিদ্দিকী।
গত ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে স্থানীয় যুবকেরা মোবাইল ফোন মেরামতের বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন। প্রশিক্ষণ কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুই শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান প্রধান অতিথি।
অনুষ্ঠানে ৩৬ বীরের ক্যাপ্টেন আবুল বাশার মোঃ শাকিল শিপু, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, মো. ইদ্রিস মিয়া, রুমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অংবাচিং মারমা, কোষাধ্যক্ষ উবাসিং মারমা এবং সাবেক সাধারণ সম্পাদক চনুমং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ পাহাড়ি অঞ্চলের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীলতা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।