বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মো. ছগির হোসেন (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গম হাতিরঝিরি এলাকার একটি জুম পাহাড়ের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছগির হোসেন রূপসীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুর হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে একদল জুমচাষি পাহাড়ে জুমের কাজ করতে যাওয়ার সময় হাতিরঝিরি এলাকার একটি ঝোপের ভেতর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা মরদেহটির হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে লামা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় মরদেহ উদ্ধারে পুলিশকে বেশ কিছুটা পথ পাড়ি দিতে হয়।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কী কারণে ছগির হোসেনকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।