পরীক্ষামূলক প্রচার

Breaking News

লামায় মিরিঞ্জা ভ্যালি রেঞ্জে হাজারো পর্যটকের ঢল নেমেছে

মংছিংপ্রু মার্মা
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মিরিঞ্জা মেঘ মাচাং রিসোর্টে ফটোসেশনে ব্যস্ত নারী পর্যটক। ছবি: গিরিকণ্ঠ
মিরিঞ্জা মেঘ মাচাং রিসোর্টে ফটোসেশনে ব্যস্ত নারী পর্যটক। ছবি: গিরিকণ্ঠ

শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানের লামা উপজেলার চোখ জুড়ানো পাহাড় ও মেঘের রাজ্য 'মিরিঞ্জা ভ্যালি' রেঞ্জে পর্যটকদের ঢল নেমেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৮০০ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ি ভ্যালিতে ভোরের শুভ্র মেঘের মিতালী, রোমাঞ্চকর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ ভিড় জমিয়েছেন।

পর্যটকদের মতে, ভোরবেলায় মিরিঞ্জা পাহাড়ে দাঁড়িয়ে সাজেক ভ্যালির মতো মেঘের ওপর ভেসে বেড়ানোর অপূর্ব অনুভূতি পাওয়া যায়। ভৌগোলিক সুবিধাজনক অবস্থান এবং কক্সবাজার সমুদ্র সৈকতের বেশ কাছাকাছি হওয়ায় পর্যটকরা এখন মিরিঞ্জাকে নতুন জনপ্রিয় গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন। এতে একই ভ্রমণে পাহাড়ের শান্ত-স্নিগ্ধ প্রকৃতি এবং সমুদ্র সৈকতের রূপ উপভোগের দারুণ সুযোগ তৈরি হয়েছে।

পর্যটকদের এই বাড়তি চাপ সামলাতে লামার মিরিঞ্জা ও সুখিয়া পাহাড় এলাকা জুড়ে গড়ে ওঠা অর্ধশতাধিক রিসোর্ট ও কটেজ জমজমাট হয়ে উঠেছে। মারাইংছা হিল রিসোর্ট, মিরিঞ্জা ভ্যালী রিসোর্ট, ডেঞ্জার হিল, মেঘ কুঞ্জ, ডিজুড়ি, বেইজ ক্যাম্প, ইকো রিসোর্ট, মেঘ মাচাং রিসোর্ট, চুংদারবক রিসোর্ট, সানসেট রিসোর্ট, আগারণ, মিরিঞ্জা হ্যাভেন রিসোর্ট, রয়েল রিসোর্ট, লাতং, পাইংতং রিসোর্ট, অরণ্য রিসোর্ট, রিঃছাংতং রিসোর্ট ও অনন্যা রিসোর্ট ছাড়াও স্থানীয় পাহাড়ি কাঠের কটেজ ও জুমঘরগুলোতে শতভাগ আগাম বুকিং নিশ্চিত হয়েছে। এর ফলে স্থানীয় জনগোষ্ঠী পরিবার ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আয় বাড়ার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি এসেছে।

লামা রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুর মওলা ধ্রুব জানান, "পূজার ছুটির প্রথম দুই দিনেই অন্তত পাঁচ হাজার পর্যটক মিরিঞ্জা ও সুখিয়া পাহাড় পরিদর্শনে এসেছেন। পাহাড়ের উঁচুতে পর্যটকদের অবস্থান, বিনোদন ও যাতায়াত নির্বিঘ্ন করতে রিসোর্ট মালিক সমিতি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ও নিবিড় তদারকি নিশ্চিত করা হয়েছে।"

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত