গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বান্দরবান পার্বত্য জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি। এ সময় গণঅধিকার পরিষদ বান্দরবান জেলা শাখার নবগঠিত ২৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে মো. শহীদুর রহমান (সোহেল)-কে আহ্বায়ক এবং মো. শাহাদাত হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিচিতি সভায় নবনিযুক্ত আহ্বায়ক মো. শহীদুর রহমান (সোহেল) জানান, সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং তৃণমূলে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উদযাপনের উপলক্ষ নয়; বরং এটি দলের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।