ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।
রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাবৃন্দের উদ্যোগে ‘শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন-২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সম্পদ বড়ুয়া।
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ও পবিত্র ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এই উৎসবের মূল বার্তা—পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ। বান্দরবানের বিভিন্ন জাতি-গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং প্রীতিময় পরিবেশ অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা এবং নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সদর জোনের এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে সব সম্প্রদায়ের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে অনুষ্ঠানে পুনর্ব্যক্ত করা হয়।