বান্দরবানে উপস্থাপনার কৌশল, পদ্ধতি ও ফিডব্যাক বিষয়ক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের উদ্যোগে এবং রেডিও অ্যানাউন্সারস ক্লাবের সহযোগিতায় শুক্রবার সকালে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্র সংলগ্ন তুলা উন্নয়ন বোর্ডের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (দৈনন্দিন দায়িত্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম। রেডিও অ্যানাউন্সার্স ক্লাবের সাধারণ সম্পাদক আহসানুল আলম রুমুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের সহকারী পরিচালক আহাদ মোহাম্মদ সাইদ হায়দার, সহকারী পরিচালক জ্যোতির্ময় গোলদার, সহকারী বার্তা নিয়ন্ত্রক অনুদেব চাকমা এবং রেডিও অ্যানাউন্সারস ক্লাবের সভাপতি এন এ জাকির। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশনের সংবাদ পাঠক জাভেদ হোসেন।
সেমিনারে উপস্থাপনার আধুনিক কৌশল, কণ্ঠস্বরের সঠিক ব্যবহার, শ্রোতাবান্ধব উপস্থাপনা পদ্ধতি, অনুষ্ঠান পরিচালনার দক্ষতা এবং ফিডব্যাক বিশ্লেষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের জন্য ব্যবহারিক অনুশীলনেরও আয়োজন করা হয়।
বক্তারা বলেন, একজন দক্ষ উপস্থাপক হতে হলে ভাষার শুদ্ধ ব্যবহার, আত্মবিশ্বাস, সময়জ্ঞান এবং শ্রোতাদের মনোযোগ ধরে রাখার কৌশল সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। পাশাপাশি গণমাধ্যমে দায়িত্বশীল উপস্থাপনার গুরুত্বও তুলে ধরা হয়।
সেমিনারে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের কর্মকর্তা ও উপস্থাপকরা অংশ নেন। শেষে অংশগ্রহণকারীদের মতামত ও ফিডব্যাক গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা আরও আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।