পার্বত্য জেলা বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ‘সাংগ্রাই’ উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদ।
“মাহা সাংগ্রাইং পোয়েং’র উপলক্ষে ঐক্যের বন্ধনে শান্তি ও সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৩ এপ্রিল সকাল ৯টায় উজানী পাড়া বিসিক মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করবে।
১৪ এপ্রিল বিকাল ২টা ৩০ মিনিটে রাজবন বিহার থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে উজানী পাড়ায় বুদ্ধ স্নান অনুষ্ঠানে অংশগ্রহণ করা হবে। একইদিন সন্ধ্যা ৬টায় পিঠা তৈরির উৎসব এবং বিভিন্ন পাড়া-মহল্লায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উৎসবের শেষ দিন ১৫ এপ্রিল বিকাল ২টা ৩০ মিনিটে উজানী পাড়া শঙ্খ নদীর চরে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী তৈলাক্ত বাঁশ আরোহন, লোকজ খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আয়োজকরা জানান, শান্তি, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে উৎসবটি সফল করতে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হচ্ছে।