পরীক্ষামূলক প্রচার

Breaking News

শিক্ষার প্রসারে জ্যোতিসেন মহাথের ফাউন্ডেশনের উদ্যোগ, মেধাবৃত্তি পরীক্ষায় ২২৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, গিরিকণ্ঠ (বান্দরবান)
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
উখিয়া-ঘুমধুমের ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের ২২৩ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা ছবি: গিরিকন্ঠ
উখিয়া-ঘুমধুমের ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের ২২৩ শিক্ষার্থী নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা ছবি: গিরিকন্ঠ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জ্যোতিসেন মহাথের ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

গত ৭ নভেম্বর (শনিবার) ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুমে অবস্থিত জ্যোতিসেন মহাথের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উখিয়া উপজেলা ও  ঘুমধুম ইউনিয়নে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১৩৫ জন এবং মাধ্যমিক পর্যায়ে ৮৮ জন শিক্ষার্থী ছিল।

পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ে মোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

পরীক্ষা শেষে প্রকাশিত ফলাফলে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মেধাক্রমে ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী, অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে প্রপিতা বড়ুয়া, দ্বিতীয় মিফতাহুল জান্নাত শিক্ষা এবং তৃতীয় নিবেদিতা বড়ুয়া অর্থি। এ ছাড়া রাকিফুল হাসান আবির ও মাসফিয়াত সারওয়ার ফাবিহা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।

অন্যদিকে, পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে জ্যোতিময় বড়ুয়া দীপ্ত, দ্বিতীয় সুচনা চাকমা এবং তৃতীয় সামিয়া ফেরদৌস। এ শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে অভিধা বড়ুয়া নিধি ও ফারহিন সারওয়ার রামিহা। এ ছাড়া উভয় শ্রেণিতে বেশ কয়েকজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, অষ্টম শ্রেণিতে ১০ জন এবং পঞ্চম শ্রেণিতে ১৬ জন শিক্ষার্থীর নাম মেধাক্রম ও বৃত্তির গ্রেডসহ তালিকাভুক্ত করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, মেধার বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে ভেন. কে. শ্রী জ্যোতিসেন মহাথের বলেন, কোনো আর্থিক মুনাফা অর্জন নয়; বরং শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

উল্লেখ্য, জ্যোতিসেন মহাথের স্কুল অ্যান্ড কলেজ, উত্তর ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান ছিল এ বৃত্তি পরীক্ষার কেন্দ্র। প্রথমবারের এ আয়োজনে উখিয়া ও নাইক্ষ্যংছড়ির শিক্ষার্থীদের অংশগ্রহণ স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত