শ্রমিকদের চিকিৎসা, দুর্ঘটনা ও মৃত্যুর পর তাঁদের পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে নতুন একটি ট্যুরিস্ট জীপ চালু করেছে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. নাছিরুল আলম।
উদ্যোগটির বিশেষ দিক হলো, নতুন এই ট্যুরিস্ট জীপ থেকে অর্জিত আয় দিয়ে প্রথমে গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহ করা হবে। এরপর অবশিষ্ট সম্পূর্ণ অর্থ ব্যয় করা হবে শ্রমিকদের কল্যাণে। এর মাধ্যমে ইউনিয়নের সদস্যদের চিকিৎসা সহায়তা, দুর্ঘটনাজনিত আর্থিক সহযোগিতা এবং কোনো শ্রমিকের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। কর্মজীবনে নানা ঝুঁকির মুখে থাকা শ্রমিকদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের পরিবারের জন্য আর্থিক সহায়তার পথ তৈরি করবে এই উদ্যোগ।
শ্রমিকদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করায় বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকুক এবং শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখুক বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন—এমন প্রত্যাশা সবার।