পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানের বনরূপাপাড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে কিশোর গ্যাং ও মাদকের তাণ্ডব: এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও গ্রেফতারের দাবি

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরূপাপাড়া এলাকায় দিন দিন ত্রাসের রাজত্ব কায়েম করেছে চিহ্নিত মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার, স্থানীয় যুবলীগ নেতা হেলাল উদ্দিন (পিতা: আব্দুর রউফ ওরফে কলা বিয়ারি)। তার নেতৃত্বাধীন অপরাধ চক্রের বর্বরোচিত হামলায় হোসাইন নামের এক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার পর পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৬ তারিখ রাতে বনরূপা এলাকার বাসিন্দা হোসাইন নিজের বাসা থেকে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা কিশোর গ্যাং লিডার হেলালের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত হেলালের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। বান্দরবান সদর থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ এপ্রিল তার বিরুদ্ধে একটি মাদক মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়েছিল। জামিনে বা নানা উপায়ে বাইরে এসে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং প্রতিরাত্রে শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই ও মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন।

হেলালের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “হেলাল গ্যাংয়ের অত্যাচারে সাধারণ মানুষ নিরুপায় হয়ে পড়েছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।”

আরেক স্থানীয় বাসিন্দা সকিনা বেগম উদ্বেগ প্রকাশ করে বলেন, “তার ত্রাসের রাজত্ব এতই বেড়েছে যে, ভয়ে আমাদের কন্যাসন্তানদের ঠিকমতো স্কুলেও পাঠাতে পারি না। আমরা প্রশাসনের কাছে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

হামলার শিকার হোসাইন বলেন, “হেলাল একজন চিহ্নিত সন্ত্রাসী। সে ও তার গ্যাংয়ের সদস্যরা আমার ওপর হামলা চালিয়েছে। আমি এর সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, “আমাদের কাছে হেলালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আমরা ইতোমধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই কিশোর গ্যাংয়ের মূলহোতা হেলাল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের মুখোমুখি করার জন্য বান্দরবান জেলা ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত